নারায়ণগঞ্জে পার্লারের ভেতর থেকে পার্লার মালিক
ইতির মরদেহ উদ্ধার ॥ স্বামী আটক
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিখোঁজের ৯ দিন পর পরী বিউটি পার্লারের ভেতর থেকে পার্লারটির মালিক কামরুন নাহার ইতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় বিউটি পার্লারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করতো। গত ২৮ জানুয়ারী থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজি পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্বামীকে বললে সে নির্বিকার ছিল। শুক্রবার দুপুরে পার্লারটি ভেতর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশে লোকজন ও বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙ্গে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডি’র ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।








