নারায়ণগঞ্জের বাবুরাইলে স্ত্রী ও চার বছরের শিশু
সন্তানকে হত্যার পর শিপলুর আত্মহত্যা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বাবুরাইলে স্ত্রী মোহিনী আক্তার মীম ও চার বছরের শিশু সন্তান আফরানকে হত্যার পর স্বামী হাবিবুল্লাহ শিপলু আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সোমবার বিকেল সাড়ে ৫টায় খবর পেয়ে নারায়ণগঞ্জ থানা পুলিশ সদর মডেল থানায় ১ নং বাবুরাইল বউ বাজার এলাকায় পলাশের বভনের চারতল থেকে ৩টি মরদেহ উদ্ধার করেছে। মৃতরা হলো হাবিবুল্লাহ শিপলু (৩৫) তার স্ত্রী মোহিনী আক্তার মীম(২৪) ও ছেলে আফরান(৪)।
তিনি আরো জানান, স্থানীয়দের উপস্থিতিতে ভাড়া বাসার দরজা ভেঙে ভিতরে দেখতে পায় হাবিবুল্লাহ শিপলুর মরদেহ ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। অন্য একটি কক্ষে হাবিবুল্লাহ শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম ও ছেলে আফরানের মুখের উপর বালিশ চাপা দেয়া। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হাবিবুল্লাহ শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরো জানান, হাবিবুল্লাহ শিপলু “রমজান সমিতি” নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনা কালীন সময়ে বন্ধ হয়ে যায়। ওই সমিতির গ্রাহকরা টাকা পাওনা রয়েছে বলে জানা যায়।








