নারায়ণগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায়
সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর
Tnntv24.স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবিরা। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন।
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুঁড়ে মারা যান ডাচ্ বাংলা ব্যাংকের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডল সহ তিন শ্রমিক। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতের আবেদন করে পুলিশ।
এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ৫ টি মামলায় ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।








