নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক
মেয়র আইভীর ৫ মামলায় জামিন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভী ৫টি মামলায় জামিন পেয়েছেন। হত্যাসহ পৃথক ৫ মামলায় জামিন চেয়ে করা পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে সিনিয়র আইনজীবী সারা হোসেন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু সহ কয়েকজন।
মামলাগুলো হলো বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা, পারভেজ হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা।
গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।
এর আগে গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে। পরে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে প্রথম চারটি মামলায় নিহতদের পরিবারের সদস্যরা বাদী এবং ফতুল্লা মডেল থানায় মামলাগুলো দায়ের করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক এবং ভুঁইগড় ও দেলপাড়া এলাকায় গুলিতে বিভিন্ন বয়সী চারজন নিহত হন।
অপর মামলাটি সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে করেছে। আইভীর বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ইট, পাটকেল ছোড়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ কারণে পুলিশ গত ১২ মে এই মামলাটি করেছে। আইভীর সমর্থক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও এ মামলায় আসামি করা হয়।








