বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজার
প্রস্তুতি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে
Tnntv24.অনলাইন ডেক্স:
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে তার মরদেহ বহনকারী কফিন রাখা হবে।
জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উইং এক বার্তায় এতথ্য জানিয়েছে।
প্রেস উইং আরও জানিয়েছে, সর্বস্তরের জনগণ যেন তাকে নির্বিঘ্নে সম্মান জানাতে ও জানাজায় অংশ নিতে পারেন সেজন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সকল দপ্তর। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্যও সেখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যেন তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।
জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে বলেও জানিয়েছে প্রেস উইং। এসময় খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।








