শাহরুখ খানের দলে নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ
রুপিতে কলকাতায় বাংলাদেশের মোস্তাফিজ
Tnntv24.অনলাইন স্পোর্স ডেক্স:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উনিশতম আসরের আগে আবুধাবিতে বসেছে মিনি নিলাম। মঙ্গলবার এই নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তাকে টেনেছে বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এত দাম দিয়ে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বিদেশি ক্রিকেটার হিসেবে ভিত্তি মূল্য ২ কোটি রুপি হলেও তিন ফ্র্যাঞ্চাইজির কাড়াকাড়িতে তার দাম ছাড়িয়েছে ৯ কোটি রুপির ঘর। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৭৫৫ টাকা। মূল পর্বের দল না পেলেও ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহে এক্সিলারেটেড নিলামে দল পেয়েছেন তিনি।
২ কোটি রুপিতে প্রথমে তার জন্য মিনি নিলামে বিড শুরু করে দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে জ্যাক-ফ্রেসার ম্যাকগার্কের বদলি হিসেবে এই বাঁহাতি পেসারকে ৬ কোটি রুপিতে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। দিল্লির ওপেনিং বিডের পর তাকে পেতে মরিয়া হয় চেন্নাই সুপার কিংস, যাদের হয়ে এক মৌসুম আগেও খেলেছেন মোস্তাফিজ।
দুই দলের কাড়াকাড়িতে দাম ছাড়ায় ৫ কোটির কোটা। মোস্তাফিজের মূল্য ৫ কোটি ৪০ লাখ রুপি পর্যন্ত যাওয়ার পর দিল্লি সরে যাওয়াতে এক প্রকার নিশ্চিত ছিল আবারও চেন্নাইতে ফিরছেন তিনি, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আগ্রহে আবার জমে উঠে লড়াই।
চেন্নাইও নাছোড়বান্দা হয়ে লেগে থাকে মোস্তাফিজকে পেতে। কলকাতাও ছেড়ে কথা বলেনি তাদের নিলামের টেবিলে। এভাবে মূল্য বেড়ে ৭ কোটি থেকে ছুঁয়ে ফেলে ৯ কোটির ঘর। কোচ স্টিফেন ফ্লেমিংয় আর চেন্নাইয়ের সিইও কাসি বিশ্বনাথন শেষ পর্যন্ত লেগে ছিলেন তার জন্য। এরপর অবশ্য চেন্নাই আর চেষ্টা করেনি তার জন্য। ৯ কোটি ২০ লাখ রুপিতে শেষ হাসি হাসে শাহরুখ খানের কলকাতা।।
সব মিলিয়ে আইপিএলে ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। মোস্তাফিজের সাথে এবারের মিনি নিলামে নাম আছে বাংলাদেশের আরো ছয় ক্রিকেটারের। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।








