নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ জন
ডাকাত গ্রেফতার, ১০১ কেজি গাঁজা উদ্ধার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে নারায়ণগঞ্জে সোনারগাঁও থানার পাঁচকানির কান্দি এলাকা হতে র্যাব-১১ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় অপর এক অভিযানে ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী ও চক্রের অন্যান্য সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে চক্রের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ যাত্রীবাহী ও মালবাহী গাড়ীতে আক্রমণ করে। আসামীরা যাত্রী এবং চালকদের নিকট থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য দামী জিনিসপত্র লুট করে নেয়। অভিযানকালে ডাকাতি ও ছিনতাই চক্রের ৬ জন সদস্যকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মোঃ মানিক, সাদ্দাম, সহিদ, মনির হোসেন। গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৫টি চাপাতি, ২ টি চাইনিজ কুড়াল, ৫ টি ছুরি, ১ টি সুইচ গিয়ার এবং ১ টি হাওয়া (বড় দা) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা প্রথমে একত্রিত হয়, তারপর তারা অপেক্ষা করতে থাকে রাস্তায় প্রতিবন্ধকতা বা যানজট সৃষ্টির জন্য। কখনও কখনও তারা নিজেরাই গাছের গুড়ি সড়কে ফেলে কৃত্রিম যানজট তৈরী করে। এরপর পরিকল্পনা অনুসারে দেশীয় অস্ত্র দিয়ে চালক ও যাত্রী সাধারণকে ভয়ভীতি দেখিয়ে তাদের মূল্যবান সামগ্রী স্বর্ণালংকার মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেয়। এসময়ে তারা গাড়ির গ্লাস ভেঙ্গে আঘাত করে কাজটি সম্পন্ন করে।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মফিজুল ইসলাম জামিল বাবু এর নামে ৪টি মামলা, সাইফুল ইসলাম সাকিবের নামে ৪টি মামলা, মানিকের নামে ৩টি মামলা, সাদ্দামের নামে ১০টি ডাকাতি, ২টি হত্যা, ৪টি মাদক, ১ টি অস্ত্র মামলা এবং ১ টি চুরি) মামলা, সহিদ এর নামে ১টি হত্যাসহ ১৮টি মামলা এবং মনির হোসেনের নামে ৫টি মামলা রয়েছে।
র্যাবের দাবি এ চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, নারায়ণগঞ্জ এর কার্যক্রম অব্যাহত আছে। র্যাব-১১ এর পৃথক আরেকটি বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা টু বটতলাগামী রোড থেকে ১০১ কেজি গাঁজাসহ ১ টি মিনি ট্রাক জব্দ করা হয়।








