আওয়ামী লীগ দেশের রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো
নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল
-গিয়াসউদ্দিন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দেশের রাজনীতি ও মূল্যবান গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে। তিনি মন্তব্য করেন,রাষ্ট্রের এমন কোনো শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নেই যা দলিয়করণ করা হয়নি। সেসব জায়গায় অযোগ্য ব্যক্তিদের বসিয়ে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন নির্বাচন বিষয়ে আলোচনা সভায় মুহাম্মদ গিয়াসউদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে গিয়াসউদ্দিন বলেন,অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার ঘোষণা দিয়েছেন। আমরা আশাকরি ওই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটের অধিকার ফিরে পাবে। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

মুহাম্মদ গিয়াসউদ্দিন আরো বলেন,দেশের শিক্ষা ব্যবস্থার মান ইচ্ছাকৃত ভাবে নষ্ট করেছে আওয়ামী লীগ সরকার। সেসময় বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার খাতায় সবাইকে পাশ নম্বর দিতে বলা হতো। আর যারা নম্বর দিতে চাইতো না তাদের বলা হতো,নম্বর কি আপনার বাবার ?
মুক্তিযোদ্ধা হিসেবে সোনারগাঁওয়ের সাথে তাঁর গভির সম্পর্কের কথা উল্লেখ করে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,২৫ মার্চ ৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমনের পর তিনি বাবার নির্দেশে শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এসে আশ্রয় নিয়েছিলেন। পরে ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে সুখেরটেক গ্রামে এসে সেখান থেকেই যুদ্ধ পরিচালনা করেন।
গিয়াসউদ্দিন আরও বলেন,জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁও থেকে একাধিক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী। এই সোনারগাঁয় যিনিই মনোনয়ন পাবেন,আমরা তাদের সাথেই কাজ করব। এখানে অনেক যোগ্য নেতা আছেন,তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তিন বারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম। এছাড়া সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান,যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খলিলুর রহমান আপেল,সাবেক সভাপতি খন্দকার আবু জাফর এবং মুজাহিদ মল্লিক সাহেদ ও ইমতিয়াজ আহমেদ বকুল। এরা সকলেই মনোনয়ন প্রত্যাশী। এতো যোগ্য প্রার্থীর উপস্থিতি প্রমাণ করে সোনারগাঁ বিএনপির ঘাটি।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,আমি আমার জন্য ভোট চাইনা। ভোট চাই বিএনপির জন্য,ধানের শীষের জন্য। দল যাকে মনোনয়ন দেবেন আমি তাঁর জন্য কাজ করবো। অনুষ্ঠানে আরো স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।#








