সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে
পাঁচ গ্রামবাসীর মানববন্ধন
Tnntv24. সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন কর্মসুচি করেছে। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁ পৌরসভার খাসনগরদিঘীর পূর্বপাড়ে পাঁচ গ্রামের কয়েকশত নারী, পুরুষ ও শিশু একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী জানান, সোনারগাঁ পৌরসভার ৭নং ওয়ার্ডের খাসনগরদিঘীর পূর্বপাড়, দৌলেরবাগ, হাতকোপা এবং ৮নং ওয়ার্ডের চৌদানা গ্রামসহ পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষা মৌসুমে এলাকায় চরম জলাবদ্ধতার শিকার হচ্ছে। পানি নিষ্কাশনের পথ খাল ভরাট করে ফেলায় এখানে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এখানকার রাস্তা ও গ্রাম পানির নিচে তলিয়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, জলাবদ্ধতার কারণে এখানকার শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে যাতায়াত করে। এতে তারা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া মুসল্লিরা পানির কারণে মসজিদে যেতে পারে না। প্রাত্যহিক নানা কাজ কর্মেও বিঘ্ন ঘটছে এ জলাবদ্ধতার কারণে।
এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সোনারগাঁ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসে একাধিকবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।








