জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন
রেজাউল পুত্র ওয়াহিদ ইবনে রেজা
Tnntv24.বিনোদন প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবসে আন্তর্জাতিক অঙ্গন থেকে বড় স্বীকৃতি পেলেন বাংলাদেশী-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। এশিয়ার অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘শর্ট শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড এশিয়া (এসএসএফএফ অ্যান্ড এশিয়া) ২০২৬’-এ তাঁর পরিচালিত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘আফটার আস’ মর্যাদাপূর্ণ ‘সেভ দ্য আর্থ! মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ লাভ করেছে।
গত শুক্রবার (৫ জুন) পরিবেশ দিবস উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করে।
নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সন্তান। তিনি সোনারগাঁয়ের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এর সন্তান।
বর্তমানে কানাডা প্রবাসী ওয়াহিদ ইবনে রেজা
ভিএফএক্স ও অ্যানিমেশনের মাধ্যমে মিডিয়ার আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তার নির্মিত অ্যানিমেটেড মুভি ‘আফটার আস’ চলচ্চিত্রটিতে বর্তমান দুনিয়ায় পরিবেশগত বিপর্যয় নিয়ে শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। ন্যাশনাল ফিল্ম বোর্ড অব কানাডার প্রযোজনায় নির্মিত ‘আফটার আস’ চলচ্চিত্রটিতে মানুষের বিলুপ্তির পর একটি নেকড়ে ও উলভারিনের প্রকৃতির সাথে সহাবস্থান খোঁজার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করে জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিরোতাকা ইশিহারা বলেন, “এটি একটি ব্যতিক্রমী চিন্তার ফসল। ধ্বংসের পরেও প্রকৃতির পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা এবং প্রাণীদের দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সাথে সহাবস্থানের সারমর্মকে এটি সূক্ষ্ম অথচ শক্তিশালীভাবে প্রকাশ করেছে।”
পুরস্কার প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক ওয়াহিদ ইবনে রেজা উৎসব কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ জানান। এক দশকেরও বেশি সময় ধরে ভিএফএক্স ও অ্যানিমেশন দুনিয়ায় কাজ করা এই নির্মাতা তাঁর সাড়ে পাঁচ বছর বয়সী মেয়ে সামারা ওয়াহিদকে চলচ্চিত্রটি উৎসর্গ করে বলেন, “আমি সত্যিই আশা করি যে আমরা একসাথে এই পৃথিবীকে ওর (সামারা) এবং ওর প্রজন্মের বেড়ে ওঠার জন্য আরও ভালো একটি জায়গা করে তুলতে পারব।”
পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩০ জুন, বুধবার পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।








