রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে
অবৈধভাবে স্হাপনা নির্মাণের অভিযোগ
Tnntv24.শফিকুল আলম ভুঁইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়াড়া এলাকায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫ ধারায় মামলা করেছেন এক পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশ জারির পরও প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে সেখানে স্থাপনা নির্মাণ করেছে। এতে জমির দখল নিয়ে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ হাসান দুলাল বলেন, দুয়াড়া মৌজায় সংশ্লিষ্ট খতিয়ান অনুযায়ী মোট ১৫ শতাংশ জমির মধ্যে তাদের পরিবারের পাঁচ শতাংশ জমির মালিকানা রয়েছে। আরএস রেকর্ড, নামজারি ও ডিজিটাল ম্যাপসহ জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। পূর্বপুরুষের আমল থেকে ওই জমি ভোগদখল করে আসছেন বলেও জানান।

শুভ হাসান দুলালের অভিযোগ, তাদের জমির অংশে থাকা ঘর ভেঙে প্রতিপক্ষের লোকজন নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেও সফল না হওয়ায় তারা আইনের আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা হয়েছে। পরে জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর নির্দেশ জারির পরও পরদিন সকালে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টি সামনে আসে। স্থানীয় বিএনপি নেতা আহসান উল্লাহ মাস্টারের সমর্থন ও সাহস পেয়ে প্রতিপক্ষের লোকজন এসব কাজ করেছেন বলে দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
শুভ হাসান দুলাল বলেন, “আদালতের নির্দেশ থাকার পরও যদি জমিতে স্থাপনা নির্মাণ করা হয়, তাহলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই প্রশাসন ও সরকারের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
আদালতে দায়ের করা মামলার নথি অনুযায়ী, জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। মামলার প্রথম পক্ষের দাবি, প্রতিপক্ষের লোকজন ১১ অক্টোবর জমিতে গিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং বাধার মুখে চলে যাওয়ার সময় পুনরায় দখলের হুমকি দেন। এ পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।








