স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দাউদপুর ইউনিয়নের পলখান এলাকার একটি মার্কেটে ঘর ভাড়া নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করেন।
অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঙ্গে ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শাহীন আকন্দের ব্যক্তিগত বিরোধ চলছিল। এরই জেরে রাতের কোনো এক সময় বিএনপির কার্যালয়ের পুরোনো তালা খুলে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, শাহীনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে দাউদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক শাহীন আকন্দ বলেন, ‘দলীয় অফিসে তালা আমি দেইনি। মার্কেটের মালিক জাইদুল আকন্দ বকেয়া টাকা না দেওয়ায় তালা দিয়েছেন। আমি শুধু বলেছি, ঘর ভাড়া দেওয়া বা না দেওয়া মালিকের বিষয়। প্রয়োজনে অফিসের দুটি তালা ভেঙে বিএনপির অফিসে বসতে বলেছি।’
এ বিষয়ে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলালউদ্দিন বলেন, ‘ব্যক্তিগত বিরোধ থাকতে পারে, কিন্তু বিএনপির দলীয় অফিসে তালা দেওয়ার এখতিয়ার কারও নেই। বিষয়টি শুনেছি। পুরো ঘটনা জেনে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’”








