রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥
অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকার চারটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ১৩মার্চ শুক্রবার দুপুর ২টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে দোকানের মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুইটি কনফেকশনারি দোকান, একটি কাগজের কার্টুনের দোকান ও একটি ভাঙ্গারির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, তারাবো বিশ্বরোড এলাকার জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন একটি কাগজের কার্টুনের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।








