নারায়ণগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার
অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের খানপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু হানিফ নামে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বিকেলে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
নিহত ত্রিশ বছর বয়সী হানিফ বাগেরহাটের শরণখোলা এলাকার আবুল কালামের ছেলে। পেশায় নিরাপত্তা প্রহরী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত দেড় বছর ধরে খানপুরে জিতু ভিলার নিরাপত্তা প্রহরীর কাজ করে আসছে আবু হানিফ। সোমবার দুপুরে আবু হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে এলাকার কয়েকজন যুবক তাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর খানপুর জোড়া ট্যাংকির সামনে নিয়ে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় হানিফকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ নাছির বলেন, থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ না করেই ওই যুবকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের শরীরে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।।
এদিকে নিহতের স্বজনদের অভিযোগ খানপুর এলাকার অভিসহ কয়েকজন যুবক আবু হানিফকে ধর্ষণের অভিযোগে ধরে নিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।








