সোনারগাঁওয়ে সংঘর্ষ পারিবারিক,বিএনপি
দায় নেবেনা- আজহারুল ইসলাম মান্নান
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলার সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আষাড়িয়ারচরে ঘটে যাওয়া সংঘর্ষ কোনোভাবেই রাজনৈতিক নয়। এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বিএনপি একটি মানবিক দল— আমরা কখনও অরাজকতা বা সহিংসতার রাজনীতি করি না।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তিনি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করেন এবং তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মান্নান আরও বলেন, যারা নিরপরাধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমাদের কষ্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাঁর পক্ষ থেকে এই সহায়তা আমাদের মানবিক দায়িত্বেরই অংশ।
এ সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ মিঠু, বিএনপি নেতা মাসুম রানা, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু, হাসান বশরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে আজহারুল ইসলাম মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ভবিষ্যতেও থাকার আশ্বাস দেন।








