নারায়ণগঞ্জে এনসিপির সংসদ সদস্য
প্রার্থীর ওপর হামলা চেষ্টাকারী গ্রেফতার
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম আল আমীন ওরফে আক্কা-বাক্কা আলামিন। ২৪ বছর বয়সী এ যুবক গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
তিনি কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকায় ভাড়াবাসায় থাকতেন। ওই বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।
পুলিশ জানিযেছে,আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে সে এই ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় গণভোটের গণসংযোগকালে এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা হয়। এ সময় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী আল আমিন।
আল-আমিন মোবাইল ফোনে বলেন, তিনি গণভোট নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে হেঁটে হেঁটে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। এক পর্যায়ে এক তরুণ তাদের অনুসরণ করছিলেন। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করে পোশাকের ভেতর একটি চাপাতি পাওয়া যায়।
এনসিপি নেতা আব্দুল্লাহ বলেন,ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে জানান, ‘এক লোক তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে’।
এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহূর্তের মধ্যে ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন।








