বাংলাদেশে ৩৫ বছর পর
পুরুষ প্রধানমন্ত্রী
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
বিশ্বে অল্প কয়েকটি রাজনৈতিক পরিবার আছে, যাদের তিন সদস্য কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার সরকারপ্রধান হলেন তারেক।
১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন খালেদা জিয়া। পাঁচটি আসনে জয়ী হয়ে তিনি তখন আলোড়ন তুলেছিলেন। ঠিক ৩৫ বছর পর তারই উত্তরসূরি তারেকও নিজের প্রথম নির্বাচনে অংশ নিয়ে দুই আসনে জয় পান। মা ও ছেলের রাজনৈতিক উত্থানের এই সাদৃশ্য ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
১৯৯০ সালের গণঅভ্যুত্থানে হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের পতনের পর থেকে প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করে আসছিলেন দুই নারী নেত্রী–খালেদা জিয়া ও শেখ হাসিনা।
১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন দেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও পরবর্তী নির্বাচনগুলোতে পর্যায়ক্রমে খালেদা ও হাসিনাই সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পালাবদলের পর অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রীর অভিষেক হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে বিএনপি জোটগতভাবে ২১২ আসনে জয় পায়। এর মধ্যে ধানের শীষ প্রতীকে এককভাবে ২০৯ আসন লাভ করে দলটি।








