নারায়ণগঞ্জ:আমলাপাড়া আদর্শ শিশু বিদ্যালয়ে
নির্বাচনে নিরংকুশ বিজয় ঐক্য পরিষদের
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে অভিভাবক ঐক্য পরিষদ প্যানেল। ঐক্য পরিষদের প্রত্যেকেই গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম কর্মী পরিবারের সদস্য।
শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুন নাহার বিউটি।
নির্বাচনে পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ.এস.এম. আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা প্রতীকের তানভীর আলম পান ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীকের মো. শফিউদ্দিন পান ৮০ ভোট।
মহিলা অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের ফাহামিদা আক্তার পান ৮৮ ভোট এবং আম প্রতীকের শারমীন আক্তার পান ৭৮ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৮৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
বিদ্যালয়টিতে এবারই প্রথমবারের মতো ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মদিবস হওয়া সত্ত্বেও ভোটকেন্দ্রে অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।








