নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যার দায়ে
যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় আসামী রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রায়ে দণ্ডিত ওই যুবককে দুই লাখ টাকা জরিমানা এবং আরো ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রুবেল প্রধান চাঁদপুর জেলার উত্তর পাঁচ আনী এলাকার লিটন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল কালাম আজাদ জাকির রায়ের বিষয়টি বলেন, দণ্ডিত রুবেল মাদকের টাকা সংগ্রহের জন্য প্রতিবেশী বৃদ্ধা সাফিয়াকে (৭৭) নিজ ঘরে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ মামলায় আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারী দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যার পরে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। পরে র্যাব রুবেলকে গ্রেফতার করে। রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইসমাইল ভুইয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।








