রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে
বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকার সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রবিবার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। হঠাৎ মিলের বয়লার ভাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় মোজাম্মেল প্রধান ও সাব্বির আহমেদ দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে বয়লারটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে কারখানার ভেতরে তাদের প্রবেশের অনুমতি দেয়নি এবং দুর্ঘটনা সম্পর্কে কোনো বক্তব্য দিতেও রাজি হয়নি।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দগ্ধ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








