বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে
বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী পালন
TnnTv24.নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি পালনে মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর মিশনপাড়া এলাকায় বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে জড়ো হয়। পরে ঘোড়ারগাড়ি, বাধ্য যন্ত্র, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত পোষ্টার ব্যানার, প্লেকার্ড, দলীয় ও জাতীয় পতাকা নিয়ে মহানগর বিএনপি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির পূর্বে আলোচনা সভায় মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন খান সহ নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ বর্তমান একটি গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় প্রবেশ করেছে। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তাঁর দেশ প্রেম ও সততার প্রতি উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধশালী দেশ গঠনে আপ্রাণ চেষ্টা করছি। সরকার গঠনের ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া পদক্ষেপ গুলু সাধারণ মানুষ গ্রহণ করেছে। তিনি বলেন, জনগণ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিয়েছেন আমরা তা পূরণ করব।
তিনি আরো বলেন,যে সকল নেতা-কর্মী দেশের মানুষের বিপক্ষে যাবে, সন্ত্রাস, চাঁদাবাজি করবে তাদের দলের কোন স্থান নেই। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কোন বিরোধী রাজনৈতিক দলের উস্কানিতে পা না দিয়ে কোন অপকর্মে না জড়িয়ে চাঁদাবাজ সন্ত্রাস মাদক থেকে বিরত থাকতে হবে। এসবে কেউ জড়ালে তার বিরুদ্ধে দলীয়ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দলের প্রধান তারেক রহমানের নির্দেশ রয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন জনগণের সেবার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গঠন করা হবে।








