প্রধান উপদেষ্টা বলেছেন,শান্তির দিকে হাত বাড়িয়ে
রাখতে হবে,যুদ্ধের প্রস্তুতিও থাকতে হবে
Tnntv24.অনলাইন ডেক্স:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,সবসময় আমাদের শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে । থাকতে হবে যুদ্ধের প্রস্তুতিতেও । তিনি বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরাও কামনা করি না।
বুধবার (৩০ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে অনুশীলন পর্যবেক্ষণ শেষে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্পর্কেও একটা ঘোরতর আপত্তি। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে যুদ্ধের হুমকি সবসময় ঘিরে রাখে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। আমাদেরই কাছে ভারত-পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে আছে।

সকালের খবরে দেখলাম, হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। কাজেই এই পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধাআধি কোনও জায়গা নেই।
তিনি বলেন, এটা এমন এক পরিস্থিতি, ‘জয়’-ই তার একমাত্র অপশন। এখানে পরাজয়ের সুযোগ থাকতে পারে না। কাজেই কত উচ্চ পর্যায়ের প্রস্তুতি নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ একটা ব্যয়বহুল ব্যাপার। আর আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক কৌশল ঠিক করতে হবে।








