সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি
বিএনপির নমিনেশন শিকারে নেমেছে-সাখাওয়াত
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
সেলিম ওসমানের প্রেসক্রিপশনে কিছু শিল্পপতি যারা বিএনপির নমিনেশন শিকার করার জন্য নেমেছে তারা আইনজীবি সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেলিম ওসমানের পক্ষে অবস্থান নিয়েছে। যারা মেইড ইন নারায়ণগঞ্জ বলেন তারা যদি বিএনপির হয়ে থাকেন তাহলে বিএনপির প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কেনো। আমাদের কাছে খবর আছে আপনি কোন কোন আইনজীবির কাছে ফোন দিয়ে বিদ্রোহিদের জন্য ভোট চেয়েছেন তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বলবো, তারেক রহমানের কাছে বলবো। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এডভোকেট সরকার হুমায়ূন কবির ও আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেলের গণসংযোগে অংশ নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাড.সাখাওয়াত হোসেন এমন অভিযোগ তোলেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। প্রচারণায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনসহ শীর্ষ আইনজীবীরা।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে সকল আইনজীবিরা গত পনেরো বছর মাঠে ময়দানে ছিল, জেলায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলো তারাও আমাদের এই প্যানেলের পক্ষে ঐক্যবদ্ধ আছে। এই প্যানেলের পক্ষে নারায়ণগঞ্জ ১ আসনের কাজী মনির এবং দিপু ভূইয়া, আড়াইহাজার থেকে নজরুল ইসলাম আজাদ, মাহমুদুর রহমান সুমন, আতাউর রহমান আঙ্গুর এরা সবাই ঐক্যবদ্ধ আছে। ৩ আসন থেকে অধ্যাপক রেজাউল করিম এবং মান্নান সবাই এই প্যানেলের পক্ষে আছে, ৪ আসন থেকে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, সাবেক এমপি গিয়াসউদ্দিন, শাহ্ আলম উনিও আছেন। ৫ আসনে মহানগরে সকল নেতৃবৃন্দ আছি। আমাদের সাবেক এমপি কালাম সাহেব হজ্বে গেছেন ঐ জায়গা থেকেও তিনি একাত্মতা প্রকাশ করেছে, ইলেকশনের আগে আশা করি উনি এখানে উপস্থিত থাকবেন।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোন অপশক্তি আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না। আমরা যারা মাঠে ছিলাম ১৫ বছর আমাদের মধ্যে যাকে নমিনেশন দেওয়া হবে তাকে মেনে নিব কিন্তু বহিরাগত কোনো শিল্পপতিকে মেনে নিব না। শিল্পপতিরা আইনজীবি ও বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে সবাই সজাগ থাকবেন। সবাইকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনারা এড. সরকার হুমায়ুন কবির ও এড. আনোয়ার প্রধানের নেতৃত্বে যে ১৭ জন নির্বাচনে দাড়িয়েছে তাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে জয়যুক্ত করবেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমরা যে প্যানেল দিয়েছি, এই ১৭ জনকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান ও খালেদা জিয়াকে উপহার দেবো।
প্রচারণায় আরও অংশ নেন প্যানেলের জ্যেষ্ঠ সহসভাপতি প্রার্থী কাজী আব্দুল গাফ্ফার, সহসভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ প্রার্থী শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক প্রার্থী মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক প্রার্থী আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক প্রার্থী রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক প্রার্থী মামুন মাহমুদ, কার্যকরী সদস্য প্রার্থী আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।








