Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাদ্রাসা শিক্ষার্থী ওমর ফারুক তারাব পৌরসভার মাসাব এলাকার সবুজ মিয়ার ছেলে ও মাসাবো তাকওয়া ইসলামিয়া এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী।
মাসাবো মাদ্রাসার তাকওয়া ইসলামিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মোহাম্মদ রাশেদ মিয়া জানান, প্রতিদিনের নেয় শনিবারে ও শিক্ষার্থীরা মাদ্রাসায় আসেন। বিকেলে শিক্ষার্থীদের মাঝে বড় ছাত্ররা খেলাধুলা করার জন্য আবেদন করে। পড়ে অন্য শিক্ষকদের নিয়ে বিকেলে ৫ নম্বর ক্যানেল এলাকায় ভুইয়ার পুকুরের পাশের বালুর মাঠে খেলাধুলা করার জন্য নিয়ে আসি। খেলা চলার একফাঁকে ওমর ফারুক পুকুরে গোসল করতে নেমে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওমর ফারুককে উদ্ধার করে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল খায়ের বলেন, গোলাকান্দাইল ৫ নম্বর ক্যানেল এলাকায় একটি ছাত্র পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল যায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় ছাত্রটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত ওমর ফারুককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।







