প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের নেতা-কর্মীদের
ফুলের শুভেচ্ছায় ভাসলেন
Tnntv24.নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশজুড়ে ছিল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি। সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেন। তাঁকে একনজর দেখা ও অভিবাদন জানাতে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। ফুল হাতে হাজারো মানুষের উপস্থিতিতে মহাসড়কের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মহাসড়কের মদনপুর এলাকায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা অবস্থান নেন। তাঁরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন। মেঘনা টোল প্লাজার সামনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিবাদন জানান।
লাঙ্গলবন্দ এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নেন।
অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় নেতা-কর্মীরা শিমরাইল এলাকায় মহাসড়কের পাশে অবস্থান নেন। জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির নেতৃত্বে সাইনবোর্ড এলাকাতেও বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন।
সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও অভিবাদন জানানোর জন্য মহাসড়কের উত্তর পাশে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন। সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিভিন্ন স্থানে ফুল হাতে নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো মহাসড়কজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অংশ অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা ফুল ছুড়ে শুভেচ্ছা জানান। হাত নেড়ে ও স্লোগানে তাঁকে স্বাগত জানান উপস্থিত নেতা-কর্মীরা। ফুলেল শুভেচ্ছা ও নেতা-কর্মীদের উচ্ছ্বাস-ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ফেনীর উদ্দেশে নারায়ণগঞ্জ অতিক্রম করে।








