রূপগঞ্জে অবৈধ গ্যাস
সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত । এ সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির কারখানা ও চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি মিষ্টির কারখানার মালিককে নগদ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭অক্টোবর) রূপগঞ্জের মুড়াপাড়া ও মঙ্গলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রূপসী শাখার ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম জানান, মুড়াপাড়ার চিন্তাহরণ মিষ্টান্ন ভান্ডার, ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডার, তামিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নামবিহীন একটি চায়ের দোকানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মঙ্গলখালী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে হোটেলে রান্নার কাজে এবং আবাসিক ভবনে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে।
তিনি জানান, এসব স্থাপনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন ধরণের পাইপ ও হোস পাইপও অপসারণ করা হয়। এর মধ্যে ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারের মালিককে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে নগদ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিতাসের কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরও জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধ এবং গ্যাসের অপচয় রোধে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।








