সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে
নির্মাণ কাজ সম্পন্ন
Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন,মায়ারবাড়ী-ডাঙ্গা সড়কের মাঝে প্রায় অর্ধশত বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মানকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। পথচারীদের কাছে বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে এ সড়কটি। পুরো দমে রাস্তাটি চালু হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। পার্শ্ববর্তী পলাশ উপজেলার সঙ্গে সহজ যোগাযোগে কাঞ্চন,মায়ারবাড়ী-ডাঙ্গা সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ৫ কিলোমিটার সড়কটি সরকারের নিজস্ব অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় সাড়ে ২৫ কোটি টাকা ব্যয়ে ২৪ ফুট প্রশস্তকরণ ও নতুন করে নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নেয় সওজ। কাজটি সম্পন্ন করার দায়িত্ব পায় সাগর ইনফো বিল্ডার্স লি. নামক ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে সড়কটি প্রশস্তকরণ করে নতুন করে নির্মাণের ফলে সড়কে সাড়ে চার কিলোমিটারে শতাধিক পল্লী বিদ্যুতের খুঁটি পড়েছে। এর মধ্যে ৪৬ টি বিদ্যুতের খুঁটি পড়েছে সড়কটির একেবারেই ভিতরে।
সড়কের নির্মাণ কাজ শুরু সময় এ খুঁটিগুলো সড়ক থেকে সরিয়ে ফেলার জন্য সওজ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বরাবর আবেদন করলে, কর্তৃপক্ষ খুঁটি সরাতে শর্ত সাপেক্ষে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সওজকে জানান। কিন্তু সওজ কর্তৃপক্ষ সেই শর্ত না পূরণ করতে পারায় খুঁটিগুলো সড়কের মধ্যে রয়ে যায়। আর সেই খুঁটিগুলো পূর্বের অবস্থায় রেখেই পাঁচ কিলোমিটার সড়কের প্রায় ৯৫ শতাংশ কাজ বর্তমানে শেষ করে ফেলেছে ঠিকাদার প্রতিষ্ঠান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ বলেন, খুঁটি অপসারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সমিতির নিজস্ব ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। সড়ক হইতেখুঁটি অপসারণ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।








