লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে রূপগঞ্জে
জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
জোট সরকারের আমলে (২৮ অক্টোবর) জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের উপর লগি বৈঠার হামলায় নিহতদের বিচার চেয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা (উত্তর) শাখার নেতৃবৃন্দ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ সমাবেশ করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কাঞ্চন বাজার হয়ে মায়ার বাড়ি পর্যন্ত প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি এ্যাড. ইসরাফিল হোসেন। এতে রূপগঞ্জ উপজেলা উত্তর জামায়াতের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদের সভাপতিত্বে ও সেক্রেটারি খায়রুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও কাঞ্চন পৌরসভার আমির দেওয়ান আমজাদ হোসেন, কর্মপরিষদ সদস্য ও দাউদপুর ইউনিয়ন আমির মোহাম্মদ কামরুজ্জামান কামাল, কর্মপরিষদ সদস্য ও রূপগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আবু বকর সিদ্দিক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মাজেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ই অক্টোবর চারদলীয় জোটের ৫ বছর পূর্তি সমাবেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে হামলা করে জামায়াত ও শিবিরের ১৪জন নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের বিচার হয়নি। তাই ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এবং আসামীদের দ্রুত ফাঁসির দাবি করা হয়। অন্যথায় এ আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারী দেন বক্তারা।








