রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায়
পুলিশ সদস্যের ওপর হামলা
Tnntv24.শফিকুল আলম ভূইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক কারবারিরা আবুল কালাম(৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো এলাকার বাসিন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম ছুটিতে গ্রামের বাড়িতে এসে মাদকারবারিদের হামলার শিকার হয়েছেন। আবুল কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। আবুল কালাম গত মাসে মাসাবো এলাকার মাদক কারবারি শাহাদাত হোসেন(৩২) ও এমদাদুল হককে (২৯) পুলিশে ধরিয়ে দিতে সহযোগিতা করেন। এরপর থেকে আবুল কালামকে মাদক কারবারি শাহাদাত হোসেনের ছোট ভাই শাহজালাল ভয়ভীতি, হুমকি-ধমকি দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে তার বাড়ি থেকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় শাহজালাল ও তার সমর্থিত ১০/১৫ সদস্যের একদল যুবক আবুল কালামকে নির্যাতন চালিয়ে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, পুলিশ সদস্য আবুল কালাম তার গ্রামের বাড়িতে ছুটিতে এসে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।








