শিশু শিক্ষার্থীর শরীরে আয়রনের ছ্যাঁকা,মাদ্রাসার শিক্ষক কারাগারে
Tnntv24.অনলাইন ডেক্স:
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার আবাসিক এক শিশু শিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। পরে শিশুটির মা নাসিমা বেগমের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার রাব্বি হোসেন মোস্তাকিন কিশোরগঞ্জের হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকার ছেলে। তিনি টঙ্গী বাজার এলাকার মিফতাহুল উলুম মাদ্রাসার শিক্ষক। মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির নাম উসমান গনি নাঈম (৯)। সে ওই মাদ্রাসার প্রথম শ্রেণির আবাসিক শিক্ষার্থী। গত বুধবার রাত ১০টার দিকে মাদ্রাসার পঞ্চম তলায় ঘুমানোর সময় অন্য শিশুদের সঙ্গে কথা বলছিল নাঈম। এ কারণে অভিযুক্ত শিক্ষক তাকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শিশুটির শরীরের নিতম্বের অংশে ছ্যাঁকা দেওয়া হয়। একই সময়ে আরও দুই শিশু শিক্ষার্থীকেও ছ্যাঁকা দেওয়ার অভিযোগ রয়েছে। এতে নাঈমের শরীরের ওই অংশের বেশ কিছু জায়গা পুড়ে যায়। তবে অন্য দুই শিক্ষার্থীর আঘাত তীব্র নয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।








