রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুই
বাসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রসিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। এতে বাস দুটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাসের হেলপার আলম হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৩ টার দিকে মেঘলা বাস ডিপোর সামনে ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ নম্বরের দুটি বাস পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা মুখোশধারী ছয় ব্যক্তি বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মুহূর্তের মধ্যেই আগুন দুটি বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই বাস দুটি আগুনে পুড়ে যায়।
বাসের হেলপার আলম হোসেন দাবি করেন, অগ্নিকাণ্ডে ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ভুলতা-গাউছিয়া এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।








