নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের
প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক থেকে শুরু হয়ে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সালাহউদ্দিন দেওয়ান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা ও নির্যাতন করা হতো। অনেক নেতাকর্মী নিজ বাড়িতে পর্যন্ত থাকতে পারেননি। কিন্তু বিএনপি সরকার গঠনের পর এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে হামলা কিংবা কাউকে মারধরের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি চায়। কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করুক, তা জনগণ চায় না। আওয়ামী লীগ কিংবা তাদের কোনো নেতাকর্মী নতুন করে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অতীতে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হলেও বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ বাড়িতে নিরাপদে বসবাস করছেন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে।
এ সময় বক্তারা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর উন্নয়ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








