নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম
বিসিএস ক্যাডারের ১৩ শিক্ষানবিশ এএসপি
Tnntv24.শফিকুল আলম ভুইয়া নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন ৪৩তম ও ৪৪তম বিসিএস ক্যাডার (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত এই নবীন কর্মকর্তারা মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পপ্রতিষ্ঠান ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন।
সফররত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা জেলায় পৌঁছালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শন কর্মসূচির শুরুতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, পিপিএম-এর সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। বিশেষ করে সাইবার ক্রাইম ও অনলাইন প্ল্যাটফর্মে অপরাধ প্রতিরোধে নিজেদের দক্ষ করে তুলতে হবে।” এ সময় তিনি কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নবীনদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
মতবিনিময় সভা শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ঐতিহ্যবাহী জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্প ও অর্থনীতি, জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
সফর শেষে রাতে পুলিশ সুপারের বাংলোতে নবীন কর্মকর্তাদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়; এতে সাধারণ জনগণই সবচেয়ে বেশি উপকৃত হন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেলার সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।”








