রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
হাফিজুর রহমান সজিব গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুর রহমান সজিবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে ঢাকার উত্তরা এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন হাফিজুর রহমান সজিব। রূপগঞ্জ ও পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলীয় লোকজন নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার অবস্থান শনাক্ত করে যৌথবাহিনী অভিযান চালায়।
ঢাকার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হাফিজুর রহমান সজিবের বিরুদ্ধে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে উত্তরা থানা এলাকায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নাশকতা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
হাফিজুর রহমান সজিবের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর রূপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে হাফিজুর রহমান সজিবের গ্রেফতারের খবরে মঙ্গলবার সকালে গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়ন বিএনপি আনন্দ মিছিল করেছে। মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন,আব্বাসউদ্দীন ভুঁইয়া,আব্দুল জলিল, ভুলতা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার,সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক চন্দন ফকির,ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া প্রমুখ।








