নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই এশিয়ান
হাইওয়ে সড়কে ফাটল যানচলাচল ব্যহত
Tnntv24.রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকার মধ্যবর্তী ঢাকা বাইপাস( এশিয়ান হাইওয়ের) গাউছিয়া, সিংলাব-পাকুন্দা অংশে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের পাশাপাশি কয়েকটি অংশ দেবে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।
শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় দুই পাশ থেকে মাটি কাটায় কোথাও কোথাও বড় গর্ত ও জলাশয়ের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত খোয়া ও বিটুমিনের মান নিয়েও তাদের অসন্তোষ রয়েছে। এসব কারণে সড়কের ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এশিয়ান বাইপাস সড়ক দেবে যাওয়ায় কাঞ্চন ব্রিজ হহতে মস্তল পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে।এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ থাকায় পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। আটকা পড়া যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সড়ক দেবে যাওয়ার কারণ সম্পর্কে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, টানা দুই থেকে তিন দিনের বৃষ্টিতে সড়কের ঢাকা অংশের মাটি নরম হয়ে পড়ে। এরপর ওই অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল করায় নরম মাটি সরে যায়। এতে কয়েকটি স্থানে ফাটল সৃষ্টি হয় এবং কিছু অংশ দেবে যায়।








