রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মাঝে ৩০ টাকা
কেজি দরে ওএমএসের চাল বিতরণ
Tnntv24.শফিকুল আলম ভুইঁয়া নিজস্ব প্রতিবেদকঃ
রূপগঞ্জঃ ফকির গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের মাঝে স্বল্প মূল্যে ওএমএসএর চাউল বিতরণ করা হচ্ছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় পোশাক কারখানার শ্রমিকদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে উপজেলার হোড়গাঁও এলাকায় অবস্থিত ফকির গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে জনপ্রতি ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে মোট ৫ টন চাল বিতরণ করা হয়।
খাদ্য অধিদপ্তরের বিশেষ বরাদ্দের আওতায় এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। রূপগঞ্জের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে প্রতি শুক্রবার এ কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা আরিফুল হক।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ফকির গার্মেন্টসের কর্মকর্তা হাবিব খান, খাদ্য বিভাগের কর্মকর্তা আব্দুল হালিম, মোমেন, চন্দনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।স্বল্পমূল্যে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পোশাক শ্রমিকরা। ফকির গার্মেন্টসের শ্রমিক সজিব মিয়া বলেন, গার্মেন্টসে কাজ করে যে বেতন পান, তা দিয়ে পরিবারের খরচ চালাতে অনেক কষ্ট হয়। এর মধ্যে ৩০ টাকা কেজি দরে ১০ কেজি চাল পেয়ে তিনি অনেক উপকৃত হয়েছেন। এ ধরনের বরাদ্দ ও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকলে পোশাক শ্রমিকদের জন্য অনেক সহায়ক হবে।
অপর শ্রমিক মাসুদা বেগম বলেন, স্বল্পমূল্যে চাল পেয়ে তিনি খুবই খুশি। শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করে সরকারের এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু জানান, পোশাক শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ বরাদ্দের চাল সারা বছর বিতরণ করা হবে। খাদ্যের অভাবে কেউ যেন কষ্ট না করেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা আরিফুল হক জানান, পোশাক শ্রমিকদের মাঝে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।








