সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ, রূপগঞ্জে সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ
Tnntv24.শফিকুল আলম ভূইয়া, নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারাগারে মারা যাওয়া মাদক মামলার এক আসামির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ওই সাংবাদিক। এসব ঘটনার প্রতিবাদে এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন মিয়া এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মিয়া জানান, রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকার মৃত আমজাদের ছেলে সুমর ও তাঁর ছেলে শাওনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা একাধিকবার তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলেও দাবি করেন তিনি। সুমরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান রিপন।
তিনি বলেন, মাদক মামলার একটি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে প্রায় তিন মাস আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রূপগঞ্জ থানা পুলিশ সুমরকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাগারে সাজা ভোগের প্রায় তিন মাসের মাথায় তাঁর মৃত্যু হয়।
রিপন মিয়ার দাবি, কারাগারে সুমরের মৃত্যুর ঘটনায় তাঁকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। একজন সাংবাদিক হিসেবে এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সংবাদ প্রকাশ করে আসছেন। এর ধারাবাহিকতায় সুমরের মাদক-সংশ্লিষ্টতার বিষয়েও একাধিকবার সংবাদ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রিপন আরও অভিযোগ করেন, সম্প্রতি রূপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাঁর ভাষ্য, নির্বাচনে প্রার্থিতার ঘোষণাকে কেন্দ্র করে প্রতিপক্ষের একটি মহল সুমরের মৃত্যুর ঘটনাকে পুঁজি করে তাঁর পরিবারকে প্রভাবিত করছে। একপর্যায়ে সুমরের পরিবারের সদস্যদের দিয়ে সাংবাদিক রিপনের বিরুদ্ধে নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারী মহলটি সুমরের নাবালিকা মেয়েসহ পরিবারের সদস্যদের প্রভাবিত করে তাঁদের বক্তব্য ধারণ করেছে। পরে সেসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচার করে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।








